ঝালকাঠি শহরের টিএন্ডটি রোড এলাকায় এক গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে সন্দেহ করছে।
নিহত মলিনা রায় (৪৫) শহরের টিএন্ডটি রোড এলাকার তপন হালদারের বাড়ির নিচতলায় স্বামী রতন রায়ের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যরা কীর্তিপাশা ইউনিয়নে অনুষ্ঠিত রথযাত্রা উৎসবে অংশ নিতে বাড়ির বাইরে ছিলেন। উৎসব শেষে বাসায় ফিরে তারা মলিনা রায়কে বস্তাবন্দি অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঝালকাঠি সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। রাতেই মরদেহটি ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়। পরে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঝালকাঠি সদর থানার পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত এবং তাদের গ্রেপ্তারে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে জেলা এনএসআই সূত্র জানিয়েছে, ঘটনাটি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
আজকালের কন্ঠ/আর বি