Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:১৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ১৮, ২০২৬ , ১০:৫৮ পূর্বাহ্ণ

জনসম্পৃক্ততায় এগিয়ে মাহমুদুল হাসান রাসেল: জুমার নামাজ শেষে এলাকাবাসীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

লেখকঃ জামাল খান, ময়মনসিংহ ব্যুরো চীফ

ময়মনসিংহের ৭ নম্বর চরনিলক্ষীয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মাহমুদুল হাসান রাসেল জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ অব্যাহত রেখেছেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৭ জুলাই ২০২৬) তিনি ইউনিয়নের বিজয়নগর গ্রামের বিজয়নগর পূর্বপাড়া বাইতুস সালাম জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন।

নামাজ শেষে তিনি মসজিদে উপস্থিত মুসল্লি, স্থানীয় মুরব্বী, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর সঙ্গে আন্তরিকভাবে কুশল বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি সবার খোঁজখবর নেন এবং এলাকার উন্নয়ন, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি এবং জনসেবামূলক বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিতদের সঙ্গে মতবিনিময় করেন।

স্থানীয়দের সঙ্গে আলাপকালে মাহমুদুল হাসান রাসেল বলেন, “মানুষের ভালোবাসা ও আস্থাই আমার সবচেয়ে বড় শক্তি। আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে ৭ নম্বর চরনিলক্ষীয়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন এবং জনকল্যাণে কাজ করে যেতে চাই। ইউনিয়নের প্রতিটি মানুষের সুখ-দুঃখে পাশে থেকে একটি আধুনিক, উন্নত ও বাসযোগ্য ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য।”

এ সময় উপস্থিত অনেক মুসল্লি ও এলাকাবাসী তাঁর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ধারাবাহিকভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। তারা বলেন, জনপ্রতিনিধিদের জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময় স্থানীয় সমস্যা সমাধান এবং উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাহমুদুল হাসান রাসেল দীর্ঘদিন ধরে ইউনিয়নের বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিভিন্ন সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানো, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ এবং স্থানীয় উন্নয়ন বিষয়ে সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখায় তিনি ইতোমধ্যে অনেকের প্রশংসা অর্জন করেছেন।

সবশেষে তিনি ইউনিয়নবাসীর কাছে নিজের জন্য দোয়া কামনা করেন এবং ভবিষ্যতেও মানুষের পাশে থেকে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে জনসেবা করার প্রত্যয় ব্যক্ত করেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন