নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার মাঘান-সাপমরা নদী থেকে আহাদ নূর (২৬) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার ভোরে উপজেলার বার্তোকোনা এলাকায় নদীর মাঝখানে বাঁশের খুঁটিতে আটকে থাকা অবস্থায় স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নিহত আহাদ নূর আহাদ নূর মোহনগঞ্জ উপজেলার মাঘান মাইজহাটি গ্রামের কাঁচা মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে তিনি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সৈয়দপুর গ্রামে বসবাস করতেন। কয়েকদিন আগে তিনি চাচাতো ভাই সূরুজ আলীর বাড়িতে বেড়াতে এসেছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আর্জেন্টিনা-ইংল্যান্ডের খেলার রাতে আহাদ নূর বাড়ি ফেরার পথে চাচাতো ভাইয়ের সঙ্গে দেখা হলে তিনি পরে মোবাইলে খেলা দেখবেন বলে জানান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। দুই দিন পর নদীতে তার ভাসমান লাশ উদ্ধার হয়।
মোহনগঞ্জ থানার ওসি মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, ধারণা করা হচ্ছে নদীর পাড়ে বসে খেলা দেখার সময় তিনি পানিতে পড়ে যান। তিনি সাঁতার জানতেন না। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।