Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ১৭, ২০২৬ , ৪:১৪ অপরাহ্ণ

পবিপ্রবিতে ২৮ জুলাই ওরিয়েন্টেশন, ৩০ থেকে ক্লাস

লেখকঃ দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত লেভেল-১, সেমিস্টার-১-এর নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আগামী ২৮ জুলাই অনুষ্ঠিত হবে। একই সঙ্গে ৩০ জুলাই থেকে সংশ্লিষ্ট অনুষদের প্রকাশিত রুটিন অনুযায়ী নিয়মিত ক্লাস শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৮ জুলাই সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। এদিন নবীন শিক্ষার্থীদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাইগ্রেশন শেষে যেসব শিক্ষার্থী পবিপ্রবিতে ভর্তি নিশ্চিত করেছেন, তাদের ২৮ জুলাই সংশ্লিষ্ট অনুষদে উপস্থিত হয়ে অনলাইনে ভর্তি ও অ্যাটাচমেন্ট সম্পন্নের পর অবশিষ্ট আনুষ্ঠানিকতা শেষ করতে হবে। কোনো ফি বকেয়া থাকলে তা পরিশোধের পরই ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে।

এ ছাড়া, হলের আসন খালি থাকা সাপেক্ষে মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের আবাসন বরাদ্দ দেওয়া হবে। যারা হলে আসন পাবেন না, তাদের নিজস্ব ব্যবস্থাপনায় আবাসনের ব্যবস্থা করতে হবে।

অ্যাটাচমেন্টপ্রাপ্ত শিক্ষার্থীদের নাম এবং হলের আসন বরাদ্দের তালিকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি–সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

প্রিন্ট করুন