কুড়িগ্রামে ৪০তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৬ এ পদকজয়ী অ্যাথলেট, কোচ ও ম্যানেজারকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জেলার কৃতি খেলোয়াড়দের এই সম্মাননা দেওয়া হয়।
এবারের জাতীয় প্রতিযোগিতায় কুড়িগ্রামের হয়ে সাফল্য অর্জন করেন আদিলা আক্তার অনিকা, ইতি রানী ও রাব্বি ইসলাম। আদিলা আক্তার অনিকা দুটি ইভেন্টে রৌপ্য পদক জয় করেন। এছাড়া ইতি রানী হাই জাম্পে এবং রাব্বি ইসলাম লং জাম্পে রৌপ্য পদক অর্জন করে জেলার জন্য গৌরব বয়ে আনেন। খেলোয়াড়দের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখায় দলীয় কোচ রেজাউল করিম রাজু এবং ম্যানেজার ওয়াজেদ আলী ঝিনুককেও বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব শফিকুল ইসলাম বেবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
তিনি বলেন, “সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও কুড়িগ্রামের সন্তানরা জাতীয় পর্যায়ে যে সাফল্য অর্জন করেছে, তা অত্যন্ত গর্বের। ভবিষ্যতে এই অ্যাথলেটরাই দেশের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে খেলাধুলার উন্নয়ন এবং খেলোয়াড়দের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খান এবং জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক হুমায়ুন কবির।
অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সদস্য নাজমুল হুদা লাকুসহ স্থানীয় ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা জেলার অ্যাথলেটিক্সের ধারাবাহিক উন্নয়ন এবং নতুন প্রতিভা গড়ে তুলতে জেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।