নওগাঁর রাণীনগরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জুলাই শহিদ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রাণীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জুলাই বিপ্লবের বীরত্বগাথা,শহীদদের আত্মত্যাগ এবং রাষ্ট্র সংস্কারে তরুণদের ভূমিকার কথা স্মরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই গণ-অভ্যুত্থানে রাণীনগর উপজেলার বীরত্বপূর্ণ ভূমিকা রাখা দুই আহত জুলাই যোদ্ধা আরিফুল ইসলাম এবং নাফিউল ইসলাম। এছাড়াও উপজেলার বিভিন্ন পর্যায়ের অন্যান্য জুলাই যোদ্ধারাও সভায় অংশ নেন। প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের পক্ষ থেকে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয় এবং জুলাই শহিদদের আত্মামার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচনা সভায় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং স্থানীয় রাজনৈতিক ও অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ রাকিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, রাণীনগর থানা অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল, রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন,রাণীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন খান লুলু, রাণীনগর উপজেলা জামায়াত ইসলামের সাবেক আমির মোস্তফা ইবনে আব্বাস, উপজেলা বিএনপি’র কোষাধ্যক্ষ জিল্লুর রহমান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন , যুগ্ম আহ্বায়ক সিরাজ এ আলম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, সদস্য সচিব মাহামুদ হাসান বেলাল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, শ্রমিক দলের সেক্রেটারি নাসির উদ্দিন টনি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই বিপ্লবের শহীদদের রক্ত এবং যোদ্ধাদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। আহত যোদ্ধাদের সুচিকিৎসা এবং পুনর্বাসনে প্রশাসন ও সমাজকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
আজকালের কন্ঠ/আর বি