Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১২:৪৩ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ১৬, ২০২৬ , ৪:১৫ অপরাহ্ণ

নেত্রকোণায় আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও ধারণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

লেখকঃ সুশীল আচার্য্য, নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণায় আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসের ভিডিও ধারণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে নিচে পড়ে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

নিহত দীপ্ত চৌধুরী (২৪) শহরের মালনী রোড এলাকার বাসিন্দা বাদল চৌধুরীর ছেলে। তিনি নেত্রকোণা সরকারি কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বুধবার দিবাগত রাত আনুমানিক সোয়া ৩টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বন্ধুদের সঙ্গে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে রাতে বাসা থেকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় যান দীপ্ত। খেলা শেষে আর্জেন্টিনার জয়ে সমর্থকদের আনন্দ-উল্লাস চলছিল। সেই মুহূর্তের ভিডিও ধারণের জন্য তিনি একটি দ্বিতল ভবনের ছাদে ওঠেন। একপর্যায়ে অসাবধানতাবশত পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ছিটকে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নেত্রকোণা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শ্রদ্ধানন্দ নাথ জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়ে মারা যান দীপ্ত চৌধুরী।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন