Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:২৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ১৫, ২০২৬ , ৫:৫৭ অপরাহ্ণ

মুরাদনগরে ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচি পালিত

লেখকঃ কাজী শরীফ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি

‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির আওতায় সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এর ধারাবাহিকতায় কুমিল্লার মুরাদনগরে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) মুরাদনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত কর্মসূচিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম গোলাম সারোয়ার রাব্বি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলমগীর মোল্লা এবং উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আবু তাহের, সহ-সভাপতি মো. আবুল হাসান জুয়েল, বিদ্যুৎসাহী মোহাম্মদ জসিম উদ্দিন, নবীপুর (পশ্চিম) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. নায়েব আলী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আলমগীর হোসেন, যুবদল নেতা মাসুম মুন্সি, লোকমান হোসেনসহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশ এবং দক্ষ, মানবিক ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। একই সঙ্গে ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির মাধ্যমে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিবেশবান্ধব সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম গোলাম সারোয়ার রাব্বি বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করে তুলতে প্রতিটি বিদ্যালয়ে নিয়মিত বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যা কার্যক্রম অব্যাহত রাখতে হবে। সবুজ পরিবেশ নিশ্চিত করা গেলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুস্থ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন