Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:১৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ১৪, ২০২৬ , ৭:৪১ অপরাহ্ণ

পবিপ্রবির শিক্ষার্থীদের জন্য বাসভাড়া সম্পূর্ণ ফ্রি, এক মাসেই প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রশংসায় ভাসছেন ভিসি

লেখকঃ দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ইতিহাসে শিক্ষার্থীদের কল্যাণে একটি গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে বিশ্ববিদ্যালয়ের বাসে যাতায়াতের ভাড়া সম্পূর্ণ মওকুফ করা হয়েছে। নবনিযুক্ত উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহানের ঘোষণার মাত্র এক মাসের মধ্যেই এ সিদ্ধান্ত বাস্তবায়ন হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, গত ১০ জুন বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স হলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান শিক্ষার্থীদের বাসভাড়া মওকুফের ঘোষণা দেন। ঘোষণার ধারাবাহিকতায় আজ জারি করা এক অফিস আদেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বাসে শিক্ষার্থীদের জন্য ভাড়া সম্পূর্ণ অব্যাহতি কার্যকর করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সিদ্ধান্তকে শিক্ষাবান্ধব ও সময়োপযোগী উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন। তাদের ভাষ্য, উপাচার্যের দেওয়া প্রতিশ্রুতি এত দ্রুত বাস্তবায়িত হবে, তা তারা কল্পনাও করেননি। এতে তাদের আর্থিক চাপ কমবে এবং নিয়মিত যাতায়াতে আরও স্বস্তি ফিরে আসবে।

শিক্ষার্থীরা উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের কল্যাণে এমন বাস্তবমুখী সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন একই ধরনের কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন