Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৪৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ১৪, ২০২৬ , ৬:৫৮ অপরাহ্ণ

প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইট নিক্ষেপ নয়, চাকা থেকে ছিটকে আসা টুকরো: মাদারীপুর পুলিশ সুপার

লেখকঃ এস এম তানবীর, সিনিয়র রিপোর্টার

বরিশাল যাওয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তার দায়িত্বে থাকা গাড়িবহরে ইট নিক্ষেপের অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান জানিয়েছেন, ভিডিওতে দেখা ইটের টুকরোটি সামনের একটি গাড়ির চাকা থেকে দুর্ঘটনাবশত ছিটকে এসেছিল।

সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার সাধুরব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। পরে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু মিডিয়ায় না বুঝে নিউজ করায় ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা ও বিভ্রান্তির সৃষ্টি হয়।

ভাইরাল হওয়া ১ মিনিট ৪৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর বরিশালের দিকে যাচ্ছে। প্রধানমন্ত্রী বাসের ভেতর থেকে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করছিলেন। এ সময় প্রধানমন্ত্রীর বাসের পেছনে থাকা নিরাপত্তারক্ষীদের তৃতীয় গাড়িটির সামনে হঠাৎ একটি ইটের টুকরো এসে পড়ে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকে একে ‘ইট নিক্ষেপ’ বা ‘পরিকল্পিত হামলা’ বলে দাবি করতে থাকেন।

এ বিষয়ে মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, বিষয়টি নজরে আসার পরপরই পুলিশ, র‍্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত শুরু করেন। তদন্ত শেষে নিশ্চিত হওয়া গেছে যে, এটি কোনো ইট নিক্ষেপের ঘটনা ছিল না। মূলত রাস্তার ওপর পড়ে থাকা একটি ইটের টুকরো দ্রুতগামী গাড়ির চাকার চাপে ছিটকে গিয়ে ওই গাড়ির সামনে পড়েছিল।

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রীর নিরাপত্তা অত্যন্ত নিশ্ছিদ্র ছিল এবং পথে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিষয়টি নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো অবকাশ নেই। এ বিষয়ে পুলিশ সদর দপ্তর থেকেও বিস্তারিত ব্রিফ করা হতে পারে।”

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন