ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় দায়িত্বশীলতা, পেশাদারিত্ব এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলামকে সম্মাননা ও পুরস্কারে ভূষিত করা হয়েছে। তাঁর এ অর্জন জেলা পুলিশ বাহিনীর পাশাপাশি ধোবাউড়া উপজেলার সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক সাড়া ফেলেছে।
রবিবার ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান আনুষ্ঠানিকভাবে ওসি মোঃ শফিকুল ইসলামের হাতে সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে জেলার অতিরিক্ত পুলিশ সুপার, বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা, সার্কেল অফিসার, থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, গুরুত্বপূর্ণ মামলার তদন্তে দক্ষতা এবং জনগণকে দ্রুত ও মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করার ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ পুরস্কারে ভূষিত করা হয়।
ধোবাউড়া থানায় দায়িত্ব গ্রহণের পর থেকে ওসি মোঃ শফিকুল ইসলাম থানার সার্বিক কার্যক্রমে শৃঙ্খলা ও গতিশীলতা আনতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। নিয়মিত টহল কার্যক্রম জোরদার, অপরাধপ্রবণ এলাকায় নজরদারি বৃদ্ধি, মাদক, চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধ দমনে ধারাবাহিক অভিযান পরিচালনা এবং জনগণের সঙ্গে পুলিশের পারস্পরিক আস্থা বৃদ্ধিতে তিনি গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এছাড়াও থানায় আগত সেবাপ্রার্থীদের অভিযোগ গুরুত্বের সঙ্গে গ্রহণ, দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ, ভুক্তভোগীদের প্রতি মানবিক আচরণ এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে তিনি স্থানীয় জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন বলে এলাকাবাসীর অনেকেই মনে করেন। পুলিশ ও জনসাধারণের মধ্যে সমন্বয় বাড়াতে তাঁর নেওয়া বিভিন্ন উদ্যোগও প্রশংসিত হয়েছে।
মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ভালো কাজের যথাযথ মূল্যায়ন পুলিশ সদস্যদের আরও দায়িত্বশীল ও জনসেবামুখী হতে উৎসাহিত করে। এ ধরনের স্বীকৃতি বাহিনীর সদস্যদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা সৃষ্টি করে এবং জনগণকে উন্নত সেবা প্রদানে অনুপ্রাণিত করে।
সম্মাননা প্রাপ্তির পর ওসি মোঃ শফিকুল ইসলাম এ অর্জনকে নিজের ব্যক্তিগত সাফল্য নয়, বরং ধোবাউড়া থানার প্রতিটি পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল বলে উল্লেখ করেন। তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠাই তাঁর প্রধান দায়িত্ব। ভবিষ্যতেও তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে ধোবাউড়াবাসীর প্রত্যাশা পূরণে কাজ করে যাবেন।
এদিকে, এ সম্মাননা অর্জনে ধোবাউড়া থানার পুলিশ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সুধীজন এবং উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শুভাকাঙ্ক্ষীরা ওসি মোঃ শফিকুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে ধোবাউড়া থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং অপরাধ দমনে পুলিশের কার্যক্রম ভবিষ্যতেও একই ধারাবাহিকতায় অব্যাহত থাকবে।
আজকালের কন্ঠ/আর বি