Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:৩১ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ১৪, ২০২৬ , ১:৪৯ অপরাহ্ণ

মাদক ব্যবসার প্রতিবাদ করায় সাংবাদিকের ওপর হামলা

লেখকঃ কাজী শরীফ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগরে মাদক ব্যবসার প্রতিবাদ করায় এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহত সাংবাদিকের পরিবারের পক্ষ থেকে বাঙ্গরা বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনাটি গত শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন চাপিতলা বাজার এলাকায় ঘটে। আহত সাংবাদিক সুমন মিয়া (৩৫) চাপিতলা গ্রামের মনির মিয়ার ছেলে এবং দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার স্থানীয় প্রতিনিধি।

অভিযোগ সূত্রে জানা যায়, চাপিতলা বাজার এলাকার আবু তাহেরের ছেলে বাছির ও তার ছেলে পলাশ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট এবং সরাসরি প্রতিবাদ করে আসছিলেন সাংবাদিক সুমন। এর জেরে শুক্রবার সন্ধ্যায় বাছির, পলাশসহ ৫-৭ জনের একটি দল সুমনকে তার অফিস থেকে জোরপূর্বক বের করে মারধর করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ সময় সুমনের চিৎকার শুনে স্থানীয় কয়েকজন এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে সুমনসহ আরও চারজন আহত হন। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সুমনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

অভিযোগে আরও বলা হয়েছে, হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় সাংবাদিক সুমনের কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম বলেন, “ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন