নওগাঁর মহাদেবপুর উপজেলায় নিজ বাড়ি থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পাহাড়পুর গ্রামের বাসিন্দা লোকমান মন্ডল (৫৫) ও তার স্ত্রী দেলোয়ারা বেগম (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে খাবার খেয়ে স্বামী-স্ত্রী ঘুমিয়ে পড়েন। সোমবার ভোর ৪টার দিকে তাদের ছেলে মুক্তার হোসেন প্রতিবেশীদের বিষয়টি জানালে তারা বাড়িতে গিয়ে খাটের ওপর দুজনের মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
এ ঘটনার পর থেকে তাদের ছেলে মুক্তার হোসেনকে এলাকায় পাওয়া যাচ্ছে না বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় কয়েকজনের দাবি, মুক্তার নেশা ও জুয়ায় আসক্ত ছিলেন। নেশার জন্য বাবা-মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে তিনি খাবারের সঙ্গে বিষাক্ত কিছু মিশিয়ে দিতে পারেন বলে তাদের সন্দেহ।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে খাবারের মাধ্যমে বিষক্রিয়ার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
আজকালের কন্ঠ/আর বি