নেত্রকোণার বিরামপুরে হাজী ফয়েজ উদ্দিন আকন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজহারুল হক তুহিনের গ্রেপ্তারের প্রতিবাদে পরীক্ষা বর্জন ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
রবিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের মুক্তির দাবি জানান। তাদের অভিযোগ, প্রধান শিক্ষককে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাই তাঁর মুক্তি না হওয়া পর্যন্ত পরীক্ষা বর্জনসহ বিদ্যালয়ের কার্যক্রমে অংশ নেবেন না তারা।
মানববন্ধনে শিক্ষার্থীরা বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ও শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে প্রধান শিক্ষকের মুক্তির দাবি জানান। সেই সাথে মুক্তি না দেওয়া পর্যন্ত পরীক্ষা বর্জন এবং বিদ্যালয়ে উপস্থিত না হওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।
উল্লেখ্য, মোঃ আজহারুল হক তুহিন বিগত সরকারের আমলে লক্ষীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তাকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।