Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:২৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ১২, ২০২৬ , ৩:৩২ অপরাহ্ণ

দেবিদ্বারে এসএসসির উত্তরপত্র ছাত্রকে দিয়ে মূল্যায়নের অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও শিক্ষার্থী গ্রেপ্তার

লেখকঃ কুমিল্লা জেলা প্রতিনিধি

এসএসসি পরীক্ষার উত্তরপত্র নিজে মূল্যায়ন না করে নিজের এক ছাত্রকে দিয়ে খাতা দেখানোর অভিযোগে কুমিল্লার দেবিদ্বারে এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও তার এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে তদন্ত শেষে মামলা দায়ের করা হলে শনিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সাধারণ বিজ্ঞান বিষয়ের উত্তরপত্র একজন পরীক্ষক নিজে মূল্যায়ন না করে তার এক ছাত্রকে দিয়ে মূল্যায়ন করাচ্ছেন।

অনুসন্ধানে জানা যায়, অভিযুক্ত মো. বাচ্চু মিয়া কুমিল্লার দেবিদ্বার উপজেলার আব্দুল্লাহপুর হাজী আমির আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এবং বর্তমানে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। ভিডিওতে উত্তরপত্র মূল্যায়ন করতে দেখা যাওয়া তরুণ মেহেদী হাসান একই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর অভিভাবক, শিক্ষার্থী ও সচেতন মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়। পাবলিক পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ মূল্যায়ন প্রক্রিয়ায় এমন অনিয়মের অভিযোগের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত তদন্ত শুরু করে।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নির্দেশে বিষয়টি তদন্ত করা হয়। তদন্তে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ার পর শনিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার উপ-পরীক্ষা নিয়ন্ত্রক বাদী হয়ে দেবিদ্বার থানায় মামলা দায়ের করেন।

মামলায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বাচ্চু মিয়া ও শিক্ষার্থী মেহেদী হাসানকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০-এর ১০, ১২ ও ১৩ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলা দায়েরের পর শনিবার রাতেই দেবিদ্বার থানা-পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, “শনিবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের কুমিল্লার আদালতে পাঠানো হবে।”

প্রিন্ট করুন