Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৪৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ১০, ২০২৬ , ৪:১১ অপরাহ্ণ

দুমকিতে শিক্ষক জাহাঙ্গীর হোসেনের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লেখকঃ দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকিতে বাংলাদেশ সরকারি মাধ্যমিক টেকনিক্যাল শিক্ষক সমিতির উদ্যোগে সংগঠনের বরিশাল বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও লেবুখালী হাবিবুল্লাহ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সদ্য প্রয়াত শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেনের রুহের মাগফিরাত কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, গত ১৪ জুন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে শিক্ষক সমাজ ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।

শুক্রবার (১০ জুলাই) জুমার নামাজের পর উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দফাদার বাড়ি জামে মসজিদে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম ও দুমকি এ.কে. মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মো. মাসুম বিল্লাহ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি মাধ্যমিক টেকনিক্যাল শিক্ষক সমিতির বরিশাল বিভাগীয় সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক নুরুল হক, অর্থ সম্পাদক শেখ মহিউদ্দিন, কেন্দ্রীয় কমিটির চাকরিবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম জুয়েল এবং সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন দুমকির লতিফ-মোহসেনা পাবলিক মাধ্যমিক বিদ্যালয়ের গণিত শিক্ষকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।

স্মরণসভায় বক্তারা মরহুম জাহাঙ্গীর হোসেনের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি ছিলেন একজন সৎ, বিনয়ী, দায়িত্বশীল ও পরোপকারী মানুষ। শিক্ষকতা পেশায় তাঁর নিষ্ঠা, সহকর্মীদের প্রতি আন্তরিকতা এবং শিক্ষার্থীদের প্রতি অকৃত্রিম ভালোবাসা তাঁকে সবার কাছে শ্রদ্ধার পাত্র করে তুলেছিল।

প্রিয় সহকর্মীর স্মৃতিচারণ করতে গিয়ে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। কেউ কেউ অশ্রুসিক্ত কণ্ঠে তাঁর সঙ্গে কাটানো বিভিন্ন স্মৃতি তুলে ধরেন। পুরো আয়োজনজুড়েই ছিল শোক, শ্রদ্ধা ও ভালোবাসার আবহ।

দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষক, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা মরহুমের কবর জিয়ারত করেন।

প্রিন্ট করুন