চাকরি জাতীয়করণ ও ভাতা তিন গুণ বৃদ্ধির দাবিতে পটুয়াখালীর দুমকিতে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন ডাকঘরের কর্মচারীরা। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রধান ডাকঘরের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।
বাংলাদেশ ডাকঘর কর্মচারী ইউনিয়ন, ডাকঘর কর্মচারী সমিতি ও কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শাখা ডাকঘরের কর্মচারীরা অংশ নেন।
বক্তারা অভিযোগ করেন, ২০২৪ সালের জুলাইয়ের বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষে ভূমিকা রাখলেও বর্তমানে তারাই বৈষম্যের শিকার। বিভাগীয় কর্মচারীদের মতো একই ধরনের দায়িত্ব পালন করলেও তারা মাসে মাত্র ৪ হাজার ৪৬০ টাকা সম্মানী পান। এ সামান্য অর্থে সংসার পরিচালনা ও সন্তানদের লেখাপড়ার ব্যয় বহন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে বলে জানান তারা।
তারা অবিলম্বে চাকরি জাতীয়করণ এবং বর্তমান ভাতা তিন গুণ বৃদ্ধিসহ বিভাগীয় কর্মচারীদের সমমানের সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা।
মানববন্ধনে বক্তব্য দেন আঙ্গারিয়া ডাকঘরের ইলিয়াছ হোসেন, জলিশা ডাকঘরের আরিফা সুলতানা, চরবয়ড়া ডাকঘরের ফারজানা আক্তার ও নুরুল ইসলাম, পাঙ্গাশিয়া ডাকঘরের জাফর হোসেন এবং শ্রীরামপুর ডাকঘরের রফিকুল ইসলাম টিটুসহ অন্যান্য কর্মচারীরা।
উল্লেখ্য, গত ৬ জুলাই থেকে দুই দফা দাবিতে সারা দেশের কর্মসূচির অংশ হিসেবে দুমকিতেও অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন ডাকঘরের এসব কর্মচারী।
আজকালের কন্ঠ/আর বি