নওগাঁর বদলগাছীতে নারীকে গলায় ও পেটে ছুরিকাঘাত | Daily AjKaler Kontho

নওগাঁর বদলগাছীতে নারীকে গলায় ও পেটে ছুরিকাঘাত


আব্দুল্লাহ আল মাহীদ, নওগাঁ প্রকাশের সময় : জুলাই ৯, ২০২৬, ২:২৮ অপরাহ্ন
নওগাঁর বদলগাছীতে নারীকে গলায় ও পেটে ছুরিকাঘাত

নওগাঁর বদলগাছী উপজেলায় রেবা বেগম (৩০) নামে এক নারীকে গলা ও পেটে ছুরিকাঘাত করে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

বুধবার (৮ জুলাই) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের পারআধাইপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত রেবা বেগম ধামইরহাট উপজেলার ইশেবপুর ইউনিয়নের ঘোরকিন গ্রামের মৃত তারা উদ্দিনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, পারআধাইপুর গ্রামের বুড়াকালী মণ্ডপের উত্তর পাশে আদিবাসী উজ্জ্বলের বাড়ির নিকটে রক্তাক্ত অবস্থায় রেবা বেগমকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান এবং বিষয়টি বদলগাছী থানা পুলিশকে জানান। দুর্বৃত্তরা তার গলা ও পেটে ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে স্থানীয়দের ধারণা।

খবর পেয়ে বদলগাছী থানার পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত নারীকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় নওগাঁ সদর হাসপাতালে রেফার করেন।

বদলগাছী থানা পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

আজকালের কন্ঠ/আর বি