Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:০৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ৯, ২০২৬ , ১১:৪৪ পূর্বাহ্ণ

যবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করল ছাত্রদল

লেখকঃ যবিপ্রবি প্রতিনিধি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রমে অংশ নিতে আসা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা ও স্বাগত জানিয়েছে যবিপ্রবি ছাত্রদল।

বুধবার (৮ জুলাই) সকাল ১০টায় যবিপ্রবিতে ভর্তি হতে আসা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নবীন শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের ফুল দিয়ে বরণ করে সংগঠনটির নেতাকর্মীরা।

ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের সূচনাকে আনন্দময় ও স্মরণীয় করে তুলতেই এ আয়োজন করা হয়েছে। পাশাপাশি ভর্তি কার্যক্রমে প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা প্রদানেও সংগঠনের নেতাকর্মীরা কাজ করছেন।

এ বিষয়ে ছাত্রদল-সমর্থিত শিক্ষার্থী এবং খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী সালেক খান বলেন, “২০২৫–২৬ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেসব শিক্ষার্থী যবিপ্রবিতে চূড়ান্ত ভর্তি হতে এসেছে, তাদের সবাইকে ছাত্রদলের পক্ষ থেকে স্বাগত জানাই। ভর্তি কার্যক্রমে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা আমরা করব। সবাই সুশৃঙ্খলভাবে ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে—এটাই আমাদের প্রত্যাশা। যবিপ্রবিতে তোমাদের সবাইকে স্বাগতম।”

ছাত্রদল-সমর্থিত শিক্ষার্থী এবং পদার্থ বিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী জি এম মাহমুদ রনি বলেন, ২০২৫–২৬ শিক্ষাবর্ষে চূড়ান্তভাবে ভর্তি হওয়া সকল নবীন শিক্ষার্থীকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্বাগতম। বিশ্ববিদ্যালয় জীবনের এই নতুন অধ্যায় জ্ঞানচর্চা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং নেতৃত্ব বিকাশের এক দৃঢ় ভিত্তি হয়ে উঠুক এই প্রত্যাশা রইল। সততা, দেশপ্রেম ও সৃজনশীলতার মাধ্যমে যবিপ্রবির গৌরব সমুন্নত রেখে একটি সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী বাংলাদেশ বিনির্মাণে নবীন প্রজন্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই বিশ্বাস ও শুভকামনা রইল।

এ সময় যবিপ্রবি ছাত্রদলের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন