লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৫২ পিস ইয়াবাসহ মো. সজীব হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। অভিযানের সময় তার হেফাজত থেকে উদ্ধার হওয়া ইয়াবাগুলো জব্দ করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি বিশেষ টিম রায়পুর থানাধীন ৮ নম্বর চরবংশী ইউনিয়নের নায়াকান্দি এলাকায় নেকবর হোসেনের বসতঘরে অভিযান পরিচালনা করে। দীর্ঘক্ষণ তল্লাশি শেষে সেখান থেকে মো. সজীব হোসেনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৮৫২ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
আটক সজীব হোসেন রায়পুর উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের মধুপুর এলাকার সানা মিয়া ব্যাপারী বাড়ির বাসিন্দা। তিনি শফিক হোসেন ও শিরিন বেগমের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ইয়াবাগুলো জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় আটক সজীব হোসেনের বিরুদ্ধে রায়পুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মামলা শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে নিয়মিত বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। মাদক ব্যবসা, পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
আজকালের কন্ঠ/আর বি