Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:২৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ৭, ২০২৬ , ৭:১১ অপরাহ্ণ

মুরাদনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

লেখকঃ কাজী শরীফ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগরে কৃষিজমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের দিনব্যাপী সাঁড়াশি অভিযানে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে চারটি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ২০০ ফুট পাইপ অপসারণ করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম. সারোয়ার রাব্বীর নির্দেশনায় বাঙ্গরা বাজার থানাধীন বাঙ্গরা (পূর্ব) ও বাঙ্গরা (পশ্চিম) ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন।

অভিযান সূত্রে জানা যায়, কৃষিজমি থেকে ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এ সময় চারটি ড্রেজার মেশিন এবং প্রায় ২ হাজার ২০০ ফুট পাইপ অপসারণ করা হয়।

এ সময় রুহুল আমীন-কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত-২০২৩) অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে কৃষিজমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। পরিবেশ রক্ষা ও কৃষিজমি সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন