Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ৭, ২০২৬ , ২:০৫ অপরাহ্ণ

দেবিদ্বারে শিক্ষককে ঘিরে ভাইরাল ঘটনার ব্যাখ্যা: ‘পরিকল্পিতভাবে অসুস্থ স্ত্রীকে ফাঁসানো হয়েছে’: প্রবাসী স্বামীর দাবি

লেখকঃ শাহ সাহিদ উদ্দিন, কুমিল্লা জেলা প্রতিনিধি

কুমিল্লা দেবিদ্বার উপজেলার বল্লভপুর এলাকায় মাশিকাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুক্তল হোসেনকে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটকের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় নতুন মোড় সৃষ্টি হয়েছে। এ ঘটনাকে পূর্বপরিকল্পিত ও পূর্বশত্রুতার জেরে সাজানো বলে দাবি করেছেন ওই নারীর প্রবাসী স্বামী তরিকুল খন্দকার।

ঘটনার পর নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তরিকুল খন্দকার বলেন, তার স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। স্ত্রীকে খোঁজখবর নেওয়ার জন্য তিনি শিক্ষক মুক্তল হোসেনকে অনুরোধ করেছিলেন। তার দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ঘটনাটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত এবং পরিকল্পিতভাবে সাজানো হয়েছে।

প্রবাসী স্বামীর ভাষ্য অনুযায়ী, তিনি একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে ধর্মীয় ভাই হিসেবে পরিচিত মুক্তল হোসেনের সহযোগিতায় সৌদি আরবে যান। তার দাবি, বিভিন্ন সময়ে মুক্তল হোসেন তাকে মানসিক ও আর্থিক সহায়তাও করেছেন।

তিনি আরও জানান, গত ২৯ জুন তার স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। পারিবারিক কলহের কারণে স্ত্রী নিজ গ্রামের পরিবর্তে বল্লভপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। স্ত্রীকে দেখতে যাওয়ার জন্য তিনি মুক্তল হোসেনকে অনুরোধ করেন। ব্যক্তিগত ব্যস্ততার কারণে প্রথমে যেতে না পারলেও পরে ১ জুলাই রাতে তিনি সেখানে যান বলে দাবি করেন।

তরিকুল খন্দকারের দাবি, ওই সময় মুক্তল হোসেন তাকে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেছিলেন। পরে তিনি জানতে পারেন, তার স্ত্রী ও শিক্ষককে ঘিরে একটি ঘটনা ঘটেছে এবং এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তার অভিযোগ, স্থানীয় কিছু ব্যক্তি পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়ে তাদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করেছেন।

নিজের দাবির পক্ষে তিনি ফেসবুকে হোয়াটসঅ্যাপে শিক্ষককে পাঠানো বার্তার স্ক্রিনশটও প্রকাশ করেন। সেখানে অসুস্থ স্ত্রীকে দেখে আসার অনুরোধ জানানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

প্রবাসী স্বামী বলেন, এ ঘটনার মাধ্যমে তার ও তার পরিবারের সম্মান ক্ষুণ্ন করা হয়েছে। তিনি বিষয়টির সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে প্রকৃত ঘটনা দেশবাসীর সামনে তুলে ধরতে দেবিদ্বারের সাংবাদিক সমাজ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন