ঝালকাঠিতে প্রস্তাবিত আধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন জাতীয় ক্রিড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান।
সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় তিনি শহীদ ক্যাপ্টেন বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর স্টেডিয়াম পরিদর্শন করেন। একই সফরে তিনি জেলার প্রস্তাবিত কালচারাল ভিলেজের জন্য নির্ধারিত ইকোপার্ক এলাকাও ঘুরে দেখেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) এস. এম. মেহেদী হাসান এবং ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আককাস সিকদার।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঝালকাঠিতে আধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনার অংশ হিসেবে সম্ভাব্য স্থান, অবকাঠামোগত সুবিধা এবং প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি প্রস্তাবিত কালচারাল ভিলেজের জন্য নির্ধারিত ইকোপার্ক এলাকাও পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্মকর্তারা সম্ভাব্যতা যাচাই করেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার-এর উদ্যোগে ঝালকাঠিতে শহীদ ক্যাপ্টেন বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর স্টেডিয়ামের আধুনিকায়ন এবং একটি আধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের কার্যক্রম এগিয়ে চলছে। প্রস্তাবিত প্রকল্পে স্টেডিয়ামের আধুনিকায়নের পাশাপাশি আন্তর্জাতিক মানের সুইমিংপুল, জিমনেসিয়াম ও ইনডোর স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে ঝালকাঠির ইকোপার্ক এলাকায় দেশের প্রথম কালচারাল ভিলেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে বরিশাল বিভাগের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, লোকজ শিল্প, জীবনধারা ও দর্শনীয় নিদর্শনগুলো আধুনিক উপস্থাপনার মাধ্যমে তুলে ধরা হবে। সংশ্লিষ্টদের আশা, স্পোর্টস কমপ্লেক্স ও কালচারাল ভিলেজ বাস্তবায়িত হলে ঝালকাঠি ক্রীড়া ও সাংস্কৃতিক পর্যটনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।
আজকালের কন্ঠ/আর বি