ঝালকাঠির সরকারি শিশু পরিবারের ছয়জন মেধাবী শিক্ষার্থীর মাঝে মোট ১ লাখ ৩৬ হাজার টাকার মেধাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় অনুপ্রাণিত করা, মেধার বিকাশ ঘটানো এবং আত্মনির্ভর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে সোমবার (৬ জুলাই) দুপুরে সরকারি শিশু পরিবারের সভাকক্ষে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে এ বৃত্তি প্রদান করা হয়।
ঝালকাঠি সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. আল মামুন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর, বরিশাল বিভাগের পরিচালক শাহ মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন এবং ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো. আককাস সিকদার।
অনুষ্ঠানে উচ্চশিক্ষা পর্যায়ে অধ্যয়নরত তিনজন শিক্ষার্থীকে ৩০ হাজার টাকা করে মোট ৯০ হাজার টাকা এবং উচ্চমাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত আরও তিনজন শিক্ষার্থীকে ১২ হাজার টাকা করে মোট ৩৬ হাজার টাকার মেধাবৃত্তির চেক প্রদান করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে সরকারি শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক খান মো. জসীম উদ্দীন, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মিজান সালাহউদ্দিন, অভিভাবক মো. বাবুল হোসেন এবং শিশু পরিবারের নিবাসী মেহেদী হাসান সজল বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনার পূর্ণ বিকাশে আর্থিক সহায়তার পাশাপাশি নৈতিক শিক্ষা, শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস ও মানবিক মূল্যবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সরকারি শিশু পরিবারের শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়, শৃঙ্খল জীবনযাপন এবং উচ্চশিক্ষার মাধ্যমে দক্ষ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
সমাবেশে অভিভাবকরা সরকারি শিশু পরিবারের শিক্ষা, আবাসন ও পরিচর্যা কার্যক্রমের প্রশংসা করেন। পাশাপাশি শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে সমাজসেবা অধিদপ্তরের এ ধরনের উদ্যোগ অব্যাহত ও সম্প্রসারণের আহ্বান জানান।
আজকালের কন্ঠ/আর বি