Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৩৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ৭, ২০২৬ , ১০:৩৫ পূর্বাহ্ণ

কুবির ‘চিত্তনামা’র নতুন কমিটি ঘোষণা ও নবীনবরণ অনুষ্ঠিত

লেখকঃ কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাহিত্য ও সামাজিক সংগঠন ‘চিত্তনামা’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছে।

বাংলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল ফাহাদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছে মার্কেটিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ঋক্তা চক্রবর্তী। এসময় নবীন সদস্যদেরও বরণ করে নেয়া হয়।

সোমবার (৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম, প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মোরশেদ রায়হান এবং শিশু ও কিশোর মেলার সম্পাদক দীপা মজুমদার।

অনুষ্ঠানে গান, কবিতা আবৃত্তি, নৃত্যসহ সাংস্কৃতিক পরিবেশনা এবং ছেলে-মেয়ে উভয়ের অংশগ্রহণে হাঁড়ি ভাঙা ও পিলো পাসিংসহ নানা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

নবগঠিত কমিটিতে দপ্তর সম্পাদক হিসেবে রয়েছে, শিবু নাইডু, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবায়ের আহমেদ সায়মন, অর্থ সম্পাদক হোসাইন ঠাকুর, পাঠচক্র ও পাঠাগারবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল তাজিম, ক্রীড়াবিষয়ক সম্পাদক জুবায়ের রহমান এবং সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক হিসেবে রয়েছে অর্পিতা রায় চৌধুরী । এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আখি দাস, আরমান, আকাশ ও মলি।

নবনিযুক্ত সাধারণ সম্পাদক ঋক্তা চক্রবর্তী বলেন, “চিত্তনামা মানুষ হওয়ার এবং মূল্যবোধের চর্চার একটি সংগঠন। এটি চিন্তার স্বাধীন প্রকাশকে উৎসাহিত করে। বিশ্ববিদ্যালয়ের ব্যস্ততার মধ্যেও এটি একটি বন্ধুত্বপূর্ণ পরিসর তৈরি করেছে। আমরা যে দায়িত্ব পেয়েছি, আগামী দিনে মানবিক মূল্যবোধ ও মনুষ্যত্বের চর্চাকে আরও এগিয়ে নিতে কাজ করব।”

বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম বলেন, “চিত্তনামার মাধ্যমে আমরা শিখি কীভাবে নিজের হৃদয়ের কথা ধারণ ও প্রকাশ করতে হয়। এই সংগঠন মানুষের ভেতরের ভাবনাগুলো স্বাধীনভাবে ও সাহসের সঙ্গে প্রকাশের সুযোগ করে দেয়। সংশ্লিষ্ট সবার আত্মপ্রত্যয় ও আন্তরিকতা দেখে আমার বিশ্বাস, ভবিষ্যতে চিত্তনামা আরও বড় পরিসরে এগিয়ে যাবে।”

শিশু ও কিশোর মেলার সম্পাদক দীপা মজুমদার বলেন, “অসংখ্য মানুষের শ্রম, মেধা ও মুক্তচিন্তার চর্চার ফসল আজকের ‘চিত্তনামা’। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, জ্ঞান সৃষ্টি, গবেষণা এবং মানবিক মূল্যবোধ ও মুক্তচিন্তার চর্চার মাধ্যমেও নিজেদের সমৃদ্ধ করতে হবে।”

নবনিযুক্ত সভাপতি আল ফাহাদ বলেন, ‘চিন্তা ও চিত্তের প্রকাশ ঘটুক, মূল্যবোধের চর্চা হোক’ এই স্লোগানকে সামনে রেখে প্রায় চার বছর আগে চিত্তনামা তার পথচলা শুরু করে। শুরুটা খুব একটা সহজ ছিল না। নানা প্রতিবন্ধকতা ও চড়াই-উৎরাই পেরিয়ে আজ সংগঠনটি একটি অবস্থানে এসেছে। আমাদের ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, তা আমরা পূর্বসূরিদের মতো নিষ্ঠার সঙ্গে পালন করতে চাই। এই যান্ত্রিক সময়ে মানবিক মূল্যবোধ ও মুক্তচিন্তার চর্চা অব্যাহত রাখাই আমাদের অন্যতম লক্ষ্য।’

উল্লেখ্য, আগামী ১ বছর এই কমিটি দায়িত্ব পালন করবেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন