নোয়াখালীর চাটখিল উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার দায়ে তার জেঠাতো ভাই শাহাদাত হোসেনকে (২৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) দুপুরে নোয়াখালীর বিশেষ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফারজানা আক্তার এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত শাহাদাত হোসেন চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা গ্রামের মৃধা বাড়ির বাবুল হোসেনের ছেলে। নিহত শিশুটি তার জেঠাতো বোন।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) সেলিম শাহী জানান, রায়ে আসামিকে মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় শাহাদাত আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ২৪ মার্চ দুপুরে বাড়ি থেকে নিখোঁজ হয় শিশুটি। ঘটনার নয় দিন পর আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পেছনের একটি সেপটিক ট্যাংকি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
তদন্ত চলাকালে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শাহাদাত জানান, শিশুটিকে ধর্ষণের পর ঘটনা প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কায় শ্বাসরোধে হত্যা করেন। পরে মরদেহ সেপটিক ট্যাংকিতে ফেলে রাখেন।
এ ঘটনায় ৬ এপ্রিল নিহত শিশুর বাবা মাওলানা শাহজাহান বাদী হয়ে চাটখিল থানায় শাহাদাত হোসেনকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে মৃত্যুদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন।
আজকালের কন্ঠ/আর বি