ঝালকাঠিতে আমার গ্রাম, আমার শক্তি—সমৃদ্ধ গ্রাম, সমৃদ্ধ বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
সোমবার (৬ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ঝালকাঠির উপ-পরিচালক নাজিম উদ্দিন, এনজিও কর্মী শাহ আলম খলিফা এবং সেবাগ্রহীতা পরিতোষ চন্দ্র।
বক্তারা বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং স্বনির্ভরতা অর্জনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী ও টেকসই ভিত্তির ওপর দাঁড় করাতে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করছে।
আলোচনা সভায় বক্তারা গ্রামীণ উন্নয়নে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে টেকসই গ্রামীণ উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
আজকালের কন্ঠ/আর বি