Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১২:২৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ৬, ২০২৬ , ২:২৫ অপরাহ্ণ

রাণীনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত; ঋণ ও গাছের চারা বিতরণ

লেখকঃ মোঃ রায়হানুল হক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

রাণীনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত ঋণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে, উন্নত পল্লী সমৃদ্ধ দেশ,সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপিত হয়। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বি আর ডিবি রাণীনগর উপজেলার আয়োজনে দিবসটি উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‍্যালী,ঋণ বিতরণ,গাছের চারা বিতরণ এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

দিবসটির শুরুতেই একটি বর্ণাঢ্য র‍্যালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের মাননীয় সংসদ সদস্য এসএম রেজাউল ইসলাম রেজু।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান (ইউএনও) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি)নাবিলা ইয়াসমিন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রামানন্দ সরকার, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, রাণীনগর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি, রোকনুজ্জামান খান রুকু, রাণীনগর উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন খান লুলু, এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে আসা পল্লী উন্নয়নের উপকারভোগী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান বলেন, আমরা যারা গ্রামে বসবাস করি, তারা গ্রামকে ভালোবেসেই বসবাস করি। আমাদের দেশটা আয়তনে ছোট হলেও জনসংখ্যা প্রায় ১৮ কোটি। এই বিশাল জনসংখ্যা ও দেশকে উন্নত করতে হলে আমাদের প্রত্যেককেই নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। আমরা বিভিন্ন প্রয়োজনে ঋণ গ্রহণ করব এবং সঠিক কর্মসংস্থানের মাধ্যমে তা কাজে লাগিয়ে নিজেদের ও দেশের উন্নয়ন ঘটাবো। গ্রামকে ভালোবেসে দেশের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে।

ঋণ বিতরণ পর্বে একডালা ইউনিয়নের ঋণগ্রহীতা আয়েশা বিবি তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, আমি বিআরডিবি অফিস থেকে ঋণ নিয়ে আর্থিকভাবে অনেক স্বাবলম্বী হয়েছি। আমি নিয়মিত ঋণ গ্রহণ করি এবং সঠিক সময়ে তা পরিশোধ করি। এই ঋণ আমার সংসারের ভাগ্য বদলে দিয়েছে।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ উপকারভোগীদের মাঝে ঋণের চেক এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের চারা বিতরণ করেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন