Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১০:১৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ৫, ২০২৬ , ৫:৩১ অপরাহ্ণ

পুলিশের বিশেষ অভিযানে আগৈলঝাড়ায় মাদকসহ পাঁচজন আটক

লেখকঃ মো:আশরাফ, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ।

আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ খানের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে উপজেলার রাজিহার ইউনিয়ন থেকে তিনজন এবং আগৈলঝাড়া বাইপাস ব্রিজ এলাকা থেকে দুইজনকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, বাইপাস ব্রিজ এলাকা থেকে আটক দুইজনের বাড়ি পার্শ্ববর্তী গৌরনদী উপজেলায়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে দুইজনকে নিয়মিত মামলায় আদালতে সোপর্দ করা হয়। এছাড়া দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০০ টাকা অর্থদণ্ড এবং সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অপর একজনের বিরুদ্ধেও প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ খান বলেন, “মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। মাদকের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি বা চক্রের ব্যক্তিদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে আগৈলঝাড়া থানা পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।”

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন