Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:০৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ৪, ২০২৬ , ৬:৪৫ অপরাহ্ণ

স্বেচ্ছাশ্রমে কাটাখালী খাল উদ্ধার অভিযান

লেখকঃ দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

দীর্ঘদিনের কচুরিপানার দখলে পানি প্রবাহ হারানো পটুয়াখালীর দুমকির কাটাখালী খাল পুনরুদ্ধারে এবার নিজেরাই মাঠে নেমেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার সকালে উপজেলার শিকদার বাড়ি সংলগ্ন এলাকায় অর্ধশতাধিক মানুষ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে খাল থেকে কচুরিপানা অপসারণ কার্যক্রম শুরু করেন।

স্থানীয়দের উদ্যোগে শুরু হওয়া এ কর্মসূচির মাধ্যমে প্রায় দেড় কিলোমিটার খালে স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে এনে জলাবদ্ধতা দূর করা এবং কৃষিকাজে সুবিধা নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে কচুরিপানায় খালটি ভরাট থাকায় বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে বিঘ্ন ঘটে, ফলে আশপাশের কৃষিজমি ও বসতবাড়িতে জলাবদ্ধতার পাশাপাশি স্থানীয়দের দুর্ভোগ বাড়ছিল।

স্থানীয় বাসিন্দা মো. কামাল হোসেন, খলিল শিকদার ও হারুন অর রশিদ জানান, সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেও কার্যকর উদ্যোগ না পাওয়ায় এলাকাবাসী নিজেরাই খাল পরিষ্কারের কাজে নেমেছেন। তাদের আশা, খালটি সচল হলে পানি চলাচল স্বাভাবিক হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্যও ফিরে আসবে।

এলাকাবাসী জানান, খালের পুরো অংশ পরিষ্কার না হওয়া পর্যন্ত পর্যায়ক্রমে এ কার্যক্রম চলবে। পাশাপাশি ভবিষ্যতে খালটির নিয়মিত রক্ষণাবেক্ষণে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সহযোগিতাও কামনা করেছেন তারা।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন