“সমাজ গড়বো মোরা নাটকের আলোয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ঝিনাইদহে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘অভিনয় কর্মশালা-২০২৬’।
শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টায় ঝিনাইদহ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করা হয়। কর্মশালায় খুলনা বিভাগের বিভিন্ন জেলার নাট্যকর্মীরা অংশগ্রহণ করছেন। আগামী ৪ জুলাই পর্যন্ত কর্মশালাটি চলবে।
কর্মশালার উদ্বোধন করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ঝিনাইদহ জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোঃ আহসান হাবীব রনক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাসাসের সদস্য সচিব মোঃ কামরুজ্জামান লিটন, সদর উপজেলা জাসাসের সভাপতি মোঃ শহিদুজ্জামান সাইদ এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের নির্বাহী সদস্য মোঃ স্বপন মাহমুদ।
কর্মশালার প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য শামীমা শওকত লাভলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও অঙ্কুর নাট্য একাডেমি, ঝিনাইদহের নির্বাহী পরিচালক মোঃ নাজিমুদ্দিন জুলিয়াস। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিহঙ্গ সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের নির্বাহী পরিচালক মোঃ শাহিনুর আলম লিটন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নাট্যচর্চা ও মঞ্চশিল্পের বিকাশের মাধ্যমে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধি সম্ভব। তারা আশা প্রকাশ করেন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মঞ্চশিল্পীরা ভবিষ্যতে একটি সুন্দর, সুস্থ ও সংস্কৃতিমনস্ক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।