Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ১, ২০২৬ , ৭:২৩ অপরাহ্ণ

দিনাজপুর সরকারি কলেজে দর্শন বিভাগের প্রভাষক হিসেবে যোগ দিলেন খানসামার কৃতি সন্তান

লেখকঃ রব্বানী, ​দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুর সরকারি কলেজের দর্শন বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেছেন ৪০তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা জনাব নুরনবী ইসলাম। আজ ১লা জুলাই (বুধবার) কলেজ প্রশাসন এবং দর্শন বিভাগের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছায় বর্ণাঢ্য আয়োজনে বরণ করে নেওয়া হয়।

মেধাবী এই কর্মকর্তা দিনাজপুর জেলার খানসামা উপজেলার আংগারপাড়া গ্রামের মৃত মাহমুদ আলীর সুযোগ্য সন্তান। তিনি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে কৃতিত্বের সাথে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। পরবর্তীতে ৪০তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে উত্তীর্ণ হয়ে তিনি ফুলবাড়ী সরকারি কলেজে প্রভাষক হিসেবে তাঁর প্রথম কর্মজীবন শুরু করেন। সেখানে অত্যন্ত নিষ্ঠা, সততা ও সুনামের সাথে প্রায় সাড়ে তিন বছর দায়িত্ব পালন করেছেন তিনি।

​এর আগে, গত ২৮ জুন ২০২৬ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে তাঁকে ফুলবাড়ী সরকারি কলেজ থেকে দিনাজপুর সরকারি কলেজে বদলি করা হয়। সরকারি নির্দেশনা ও প্রজ্ঞাপন অনুযায়ী তিনি যথারীতি কলেজে তাঁর যোগদান প্রক্রিয়া সম্পন্ন করেন।

​আজ দুপুরে দিনাজপুর সরকারি কলেজের মাননীয় অধ্যক্ষ প্রফেসর লুৎফর রহমান, উপাধ্যক্ষ এবং শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ সম্মিলিতভাবে নতুন এই কর্মকর্তাকে পুষ্পস্তবক অর্পণ করে স্বাগত জানান। পরবর্তীতে দর্শন বিভাগের বিভাগীয় প্রধান এবং বিভাগের অন্যান্য শিক্ষক-কর্মকর্তাগণ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিভাগে বরণ করে নেন।

​নতুন কর্মস্থলে যোগদানের পর এক আবেগঘন অনুভূতি ব্যক্ত করতে গিয়ে জনাব নুরনবী ইসলাম বলেন,দিনাজপুর সরকারি কলেজের মতো উত্তরবঙ্গের একটি অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে সেবা করার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং কলেজের সার্বিক অগ্রগতি ও সুনাম অক্ষুণ্ণ রাখতে আমি আমার মেধা ও শ্রমের সর্বোচ্চ চেষ্টা বিলিয়ে দেব।

​এদিকে তাঁর এই নতুন কর্মস্থলে যোগদান ও গৌরবময় পথচলায় সহকর্মী, শিক্ষার্থী এবং শুভাকাঙ্ক্ষীরা তাঁকে আন্তরিক অভিনন্দন ও নিরন্তর শুভকামনা জানিয়েছেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন