Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৪:১৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ১, ২০২৬ , ১১:০০ পূর্বাহ্ণ

সরাইলে ৩ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর জেলা পরিষদ প্রশাসকের মধ্যস্থতায় শান্তির আভাস

লেখকঃ মোঃ ইসমাইল, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি ও ধর্মতীর্থ গ্রামের মধ্যে টানা তিন দিন ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে শান্ত হতে শুরু করেছে এলাকা। ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজের সরাসরি মধ্যস্থতায় উভয় পক্ষ সংঘাত বন্ধে ঐকমত্যে পৌঁছেছে। এর ফলে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কে পুনরায় যান চলাচল শুরু হয়েছে।

পাওনা টাকাকে কেন্দ্র করে সূর্যকান্দি গ্রামের মোশাররফ হোসেনের সঙ্গে ধর্মতীর্থ গ্রামের হাদিম মিয়ার বাকবিতণ্ডা হয়। এর জেরে রাতে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে ধর্মতীর্থ গ্রামের হাদিম মিয়া নিহত হন।

নিহতের দাফন সম্পন্ন হওয়ার পর আবারও দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। কালীকচ্ছ বাজারে বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালানো হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে।

তৃতীয় দিনের মতো দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মুখোমুখি অবস্থান নিলে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত ৩০ জন আহত হন এবং সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সরাইল-আশুগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম এবং সরাইল থানার ওসি মনজুরুল কাদের ভূঁইয়াসহ কয়েক শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

যেভাবে এলো শান্তির আভাস মঙ্গলবার বিকেল ৪টায় ঘটনাস্থলে ছুটে যান জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ। তিনি উভয় পক্ষের মুরুব্বি ও প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন। প্রশাসকের আহ্বানে সাড়া দিয়ে উভয় পক্ষ থেকে ৫ জন করে মোট ১০ জন প্রতিনিধি আর কোনো সংঘর্ষে না জড়ানোর প্রতিশ্রুতি দেন।

বৈঠক শেষে প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ নিহত হাদিম মিয়ার বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং হত্যাকাণ্ডের সঠিক ও ন্যায়বিচারের আশ্বাস দেন। গ্রামবাসী তাকে পূর্ণ দায়িত্ব দিলে তিনি এই রক্তক্ষয়ী বিরোধের স্থায়ী ও সুষ্ঠু মীমাংসা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। প্রশাসকের এই মানবিক উদ্যোগ ও আশ্বাসে এলাকায় ধীরে ধীরে শান্তিশৃঙ্খলা ফিরে আসছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন