জাপান বিশ্বের সেরা দলগুলোর একটি: ব্রাজিল কোচ | Daily AjKaler Kontho

জাপান বিশ্বের সেরা দলগুলোর একটি: ব্রাজিল কোচ


স্পোর্টস ডেস্ক প্রকাশের সময় : জুন ২৯, ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
জাপান বিশ্বের সেরা দলগুলোর একটি: ব্রাজিল কোচ

দুই দলের সবশেষ লড়াইয়ে জাপান হারিয়ে দিয়েছিল ব্রাজিলকে। গেল অক্টোবরে টোকিওর সেই প্রীতি ম্যাচে জাপান ২-০ গোলে পিছিয়ে পড়ে জিতেছিল ৩-২ ব্যবধানে। সেই দলই এবার শেষ ৩২-এ ব্রাজিলের প্রতিপক্ষ। ৃ

বিশ্বকাপের নকআউট ম্যাচ এটি। অর্থাৎ এই ম্যাচে হেরে বসলেই বিদায় নিতে হবে ব্রাজিলকে। সে কারণে কোচ কার্লো আনচেলত্তি অক্টোবরের ওই ম্যাচ থেকেই শিক্ষা নিতে চাইলেন।

তিনি বলেন, ‘ওই ম্যাচে বুঝতে পেরেছি, জাপান বিশ্বের সেরা দলগুলোর একটি। আমরা তাদের পুরোপুরি সম্মান করি। এই ম্যাচকে ফাইনাল মনে করে প্রস্তুতি নেব, কারণ আমাদের কাছে এটা ফাইনালই।’

এই ম্যাচ হিউস্টন সময় দুপুরে শুরু হবে। গ্রুপ পর্বে ব্রাজিল এত আগে কোনো ম্যাচ খেলেনি। তবে আনচেলত্তি এ নিয়ে চিন্তিত নন।

তিনি বলেন, ‘বেশি কিছু পাল্টাবে না। এই সময়টাতেই আমরা সাধারণত অনুশীলন করি। শেষ পর্যন্ত এটা একটা ফুটবল ম্যাচই তো।’

আনচেলত্তি আরও বলেন, ‘আমাদের মনোযোগ ধরে রাখতে হবে। প্রতিপক্ষ অনেক কঠিন, খুব ভালোভাবে গোছানো। মাঠে কী করতে চাই, সেটা পরিষ্কার থাকতে হবে।’

দলের অবস্থা নিয়ে তিনি বলেন, ‘দল প্রস্তুত, উৎসাহী এবং আত্মবিশ্বাসী। তবে এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচই অনেক কঠিন।’

আজকালের কন্ঠ/আর বি