Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ২৭, ২০২৬ , ৪:০৬ অপরাহ্ণ

রায়পুরের ঘটনাকে রাজনৈতিক রূপ না দেওয়ার আহ্বান এমপি খায়ের ভূঁইয়ার

লেখকঃ জাকির হোসেন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও তিন মেয়েকে হত্যার ঘটনাকে রাজনৈতিক বা সাম্প্রদায়িক ইস্যুতে রূপ না দেওয়ার আহ্বান জানিয়েছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। তিনি বলেছেন, এ ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের ধাঙ্গা-হাঙ্গামা বা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা বরদাশত করা হবে না।

শনিবার (২৭ জুন) দুপুরে রায়পুর পৌরসভার ধানহাটা নদীরপাড় এলাকায় আলোচিত হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আবুল খায়ের ভূঁইয়া বলেন, “রায়পুরের মা ও তিন মেয়েকে হত্যার ঘটনাটি কোনো রাজনৈতিক বিষয় নয়, এটি হিন্দু-মুসলমানের বিষয়ও নয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন হবে বলে আমরা আশা করি। এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।”

তিনি আরও বলেন, “এ ঘটনাকে পুঁজি করে কেউ যেন ধাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি বা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা না করে। কোনো মহল যদি এমন অপচেষ্টা চালায়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এমপি খায়ের ভূঁইয়া অভিযোগ করে বলেন, “ফ্যাসিস্ট আমলের দোসর একটি গণমাধ্যম কৌশলে ভুল তথ্য প্রচার করে বিভ্রান্তি ও বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করছে। এ ধরনের অপপ্রচারে কেউ যেন বিভ্রান্ত না হন।”

তিনি বলেন, “দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সবার দায়িত্ব। আমরা সবাই মিলেমিশে বসবাস করি। তাই কোনো উসকানিমূলক বা মিথ্যা তথ্য প্রচার করে যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি।”

ঘটনাস্থল পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া, রায়পুর পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু, রায়পুর বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ঘটনাস্থলে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে কথা বলে এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে এমপি খায়ের ভূঁইয়া সংশ্লিষ্টদের শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষভাবে তদন্ত করছে এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে সরকার ও প্রশাসন বদ্ধপরিকর।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন