পটুয়াখালীর দুমকিতে অভিযান চালিয়ে সাড়ে ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় তার কাছ থেকে নগদ ৪ হাজার ৪৫ টাকা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৫ জুন) ভোর সাড়ে ৪টার দিকে দুমকি উপজেলার লেবুখালী টোল প্লাজা সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী এ অভিযান পরিচালনা করে।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে ওই এলাকায় সন্দেহজনক একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে প্রায় ৩৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৭ হাজার ৫০০ পিস ইয়াবা এবং নগদ ৪ হাজার ৪৫ টাকাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, জব্দকৃত ইয়াবা, নগদ অর্থ এবং আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের প্রত্যন্ত অঞ্চলে মাদকের বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।