Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ২৫, ২০২৬ , ১০:০৯ অপরাহ্ণ

মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যা, আহত দুই মেয়ে

লেখকঃ কাজী শরীফ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগর উপজেলার মহেশপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে রাশিদা বেগম (৪২) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর দুই মেয়ে।

বৃহস্পতিবার (২৫ জুন ) দুপুরে উপজেলার পূর্ব ধইর পশ্চিম ইউনিয়নের মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাশিদা বেগম মহেশপুর গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মহেশপুর গ্রামে দীর্ঘদিন ধরে খোরশেদ আলম (বিডিআর) ও ইউপি সদস্য রহিম সরকার গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। কিছুদিন আগে রহিম সরকার গ্রুপের সদস্য মাওলা সরকার হত্যার ঘটনায় দায়ের করা মামলায় রাশিদার স্বামী দেলোয়ার হোসেন পলাতক আসামি হিসেবে অভিযুক্ত রয়েছেন।

পরিবারের সদস্যদের অভিযোগ, পালিত সাতটি গরু নিয়ে যাওয়ার জন্য বৃহস্পতিবার এলাকায় আসেন রাশিদা বেগম। একটি পিকআপে করে গরুগুলো নিয়ে যাওয়ার সময় রহিম সরকার গ্রুপের সদস্য সামাদ, রশিদ, শিরিনাসহ ১৫ থেকে ২০ জনের একটি দল গাড়ির গতিরোধ করে। পরে তাঁকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করা হয়। এ সময় মাকে রক্ষার চেষ্টা করলে তাঁর দুই মেয়েকেও মারধর করা হয়।

গুরুতর আহত অবস্থায় পুলিশ তাঁকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়। তবে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

নিহতের মামা সালাউদ্দিন বলেন, “পূর্ব শত্রুতার জেরে আমার ভাগনিকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার দুই মেয়েও হামলার শিকার হয়েছে। আমরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আলম বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

প্রিন্ট করুন