Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:৪৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ২৫, ২০২৬ , ৩:৩৫ অপরাহ্ণ

মুরাদনগরে অনুমোদনহীন আইসক্রিম কারখানায় অভিযান, ৮০ হাজার টাকা জরিমানা

লেখকঃ শাহ সাহিদ উদ্দিন, কুমিল্লা জেলা প্রতিনিধি

কুমিল্লা মুরাদনগরে অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানার মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে ৭ দিনের কারাদণ্ডের আদেশও দেওয়া হয়েছে।

বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কোম্পানীগঞ্জ বাসস্টেশনের পাশে অবস্থিত ‘দয়াময় আইসক্রিম’ কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম সারোয়ার রাব্বীর নেতৃত্বে পরিচালিত অভিযানে দেখা যায়, কারখানাটির কোনো বৈধ অনুমোদন নেই। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন, নকল মোড়ক ব্যবহার এবং ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের অভিযোগের সত্যতা পাওয়া যায়।

এসব অপরাধে কারখানার মালিক হারুন রশীদ মোল্লার ছেলে ইমন ওরফে সম্রাট (২৫)-কে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কারখানায় মজুত বিপুল পরিমাণ ভেজাল আইসক্রিম জব্দ করে ধ্বংস করা হয়।

অভিযানে বিএসটিআই কুমিল্লার কর্মকর্তা আমিনুল ইসলাম, মুরাদনগর থানার এসআই সুমনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম সারোয়ার রাব্বী বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষায় ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন