Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:৩৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ২৫, ২০২৬ , ১০:৩৮ পূর্বাহ্ণ

মুরাদনগরে অনুমোদনহীন আইসক্রিম কারখানায় অভিযান, জরিমানা ৮০ হাজার টাকা

লেখকঃ কাজী শরীফ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগর উপজেলায় অনুমোদনহীনভাবে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানার মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে ৭ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৪ জুন) বিকেলে উপজেলার কোম্পানীগঞ্জ বাসস্টেশন সংলগ্ন দয়াময় আইসক্রিম কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবিএম সারোয়ার রাব্বীর নেতৃত্বে পরিচালিত অভিযানে কারখানাটিকে অনুমোদনহীনভাবে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন, নকল মোড়ক ব্যবহার এবং ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারের দায়ে দোষী সাব্যস্ত করা হয়।
এ ঘটনায় কারখানার মালিক হারুন রশীদ মোল্লার ছেলে ইমন ওরফে সম্রাট (২৫)-কে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কারখানায় থাকা বিপুল পরিমাণ ভেজাল ও নিম্নমানের আইসক্রিম জব্দ করে ধ্বংস করা হয়।

অভিযানে বিএসটিআই কুমিল্লার কর্মকর্তা আমিনুল ইসলাম, মুরাদনগর থানার এসআই সুমনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবিএম সারোয়ার রাব্বী বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষায় ভেজাল ও নিম্নমানের খাদ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কোনো ধরনের অনিয়মের সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না।”

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন