দিনাজপুরের খানসামায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ের অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে খানসামা উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহনিমা তরফদারের সভাপতিত্বে এবং আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুব্রত হালদারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুজ্জামান সরকার।
সভায় জানানো হয়, আগামী ২৮ জুন (রবিবার) উপজেলা জুড়ে মোট ১৪৫টি কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২ হাজার ৫৫৬ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫init৯ মাস বয়সী ২০ হাজার ৬৭১ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও কামরুজ্জামান সরকার ক্যাম্পেইনটি শতভাগ সফল করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ক্যাম্পেইন চলাকালীন কেন্দ্রগুলোতে ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি শিশুদের নিয়মিত খাদ্যতালিকায় ভিটামিন ‘এ’ সমৃদ্ধ পুষ্টিকর খাবার অন্তর্ভুক্ত করার বিষয়েও উপস্থিত অভিভাবকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে।
সভায় উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও স্থানীয় সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।
আজকালের কন্ঠ/আর বি