Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:২১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ২৪, ২০২৬ , ২:৩২ অপরাহ্ণ

পাঁচ দিনে কত আয় করল শাহিদ-রাশমিকার সিনেমা?

লেখকঃ বিনোদন ডেস্ক

মুক্তির পর থেকেই বক্স অফিসে ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে শাহিদ কাপুর, কৃতি শ্যানন ও রাশমিকা মান্দানা অভিনীত ‘ককটেল ২’। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত ১৯ জুন প্রেক্ষাগৃহে আসে ছবিটি।

মুক্তির প্রথম সপ্তাহেই দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া এবং মুখে মুখে প্রচারের কারণে আয় বাড়ছে ছবিটির।

উদ্বোধনী সপ্তাহান্ত পার হলেও দর্শক আগ্রহে ভাটা পড়েনি। বরং কর্মদিবসেও সন্তোষজনক ব্যবসা করছে ছবিটি। মুক্তির প্রথম দিনেই ১৩ কোটি ৫০ লাখ রুপি সংগ্রহ করে আলোচনায় আসে ‘ককটেল ২’।

স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির পঞ্চম দিনে—অর্থাৎ মঙ্গলবার ছবিটি আয় করেছে আরো ৬ কোটি ৬৫ লাখ রুপি। ফলে ভারতের বাজারে সিনেমাটির মোট নেট সংগ্রহ দাঁড়িয়েছে ৬০ কোটি ৯০ লাখ রুপি।

এদিকে বক্স অফিসে ছবিটির সামনে প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে একাধিক বড় বাজেটের সিনেমা। বরুণ ধাওয়ানের ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’, রাম চরণ ও জাহ্নবী কাপুরের ‘পেড্ডি’, ববি দেওলের ‘বন্দর’, কঙ্গনা রানাওয়াতের ‘ভারত ভাগ্য বিধাতা’, দিলজিৎ দোসাঞ্জের ‘ম্যায় ওয়াপস আউঙ্গা’ এবং ‘হন্টেড থ্রিডি : ইকোজ অব দ্য পাস্ট’-এর মতো ছবির ভিড়েও নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে ‘ককটেল ২’।

উল্লেখ্য, ২০১২ সালে মুক্তি পাওয়া জনপ্রিয় রোমান্টিক-কমেডি ‘ককটেল’-এর সিক্যুয়াল হিসেবে নির্মিত হয়েছে ‘ককটেল ২’। প্রথম কিস্তিতে অভিনয় করেছিলেন সাইফ আলি খান, দীপিকা পাড়ুকোন, ডায়ানা পেন্টি, ডিম্পল কাপাডিয়া, বোমান ইরানি ও রণদীপ হুদা। সেই সময় ছবিটি দর্শকপ্রিয়তার পাশাপাশি বক্স অফিসেও বড় সাফল্য পেয়েছিল।

প্রথম ছবির জনপ্রিয়তাকে পুঁজি করে নির্মিত সিক্যুয়ালটিও একই পথে এগোচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। পাঁচ দিনের আয়ই ইঙ্গিত দিচ্ছে, খুব শিগগিরই ১০০ কোটির ক্লাবে নাম লেখাতে পারে শাহিদ-রাশমিকার এই সিনেমা।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন