পটুয়াখালীর কলাপাড়ায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশ সুরক্ষায় ৭ হাজার কৃষকের মাঝে গাছের চারা, গ্রীষ্মকালীন সবজির বীজ, জৈব ও রাসায়নিক সার, বালাইনাশক এবং বাঁশের খুঁটি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলা কৃষি বিভাগের আয়োজনে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কৃষিকে টেকসই ও লাভজনক করতে আধুনিক প্রযুক্তির পাশাপাশি কৃষকদের মাঝে উন্নতমানের বীজ, সার ও পরিবেশবান্ধব উপকরণ সরবরাহ করা জরুরি। সরকারের কৃষিবান্ধব নানা উদ্যোগের ফলে দেশের কৃষি খাত আরও সমৃদ্ধ হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর পুলিশ সুপার আবু ইউসুফ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহসিন উদ্দীন। সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রাথমিকভাবে প্রায় ২০০ কৃষকের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা এবং গ্রীষ্মকালীন সবজির বীজ বিতরণ করা হয়। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে উপজেলার ৭ হাজার কৃষকের মাঝে ২০ মেট্রিক টন ধান ও সবজির বীজ, ৭ হাজার ফলজ ও বনজ গাছের চারা, ১২৪ মেট্রিক টন রাসায়নিক সার, ৪২ মেট্রিক টন জৈব সার এবং ৭ হাজার ৬০০টি বাঁশের খুঁটি বিতরণ করা হবে।
কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, কৃষকদের উৎপাদন খরচ কমানো, নিরাপদ খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে কৃষকরা উপকৃত হবেন এবং কৃষি উৎপাদন আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তারা।
আজকালের কন্ঠ/আর বি