Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:৩৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ২২, ২০২৬ , ১২:৩৪ অপরাহ্ণ

দেবিদ্বার নিউ মার্কেটে মোবাইল কোর্ট: বিভিন্ন অনিয়মে ২৬ হাজার টাকা জরিমানা

লেখকঃ শাহ সাহিদ উদ্দিন, কুমিল্লা জেলা প্রতিনিধি

কুমিল্লা দেবিদ্বার নিউ মার্কেট এলাকায় বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (২২ জুন) সকাল ৯টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিনের নেতৃত্বে, বাজার কমিটির উপস্থিতিতে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সঠিক মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা মুদি ব্যবসায়ী বাবুল মিয়া (৫৫) কে ৩ হাজার টাকা এবং আমিরুল ইসলাম (৩৫) কে ৩ হাজার টাকা জরিমানা করেন।

এদিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন মুদি ব্যবসায়ী হরে কৃষ্ণ সাহাকে ৫ হাজার টাকা, ইসমাঈল কবির (৪৫) কে ৫ হাজার টাকা এবং খোকন (৩৮) কে ৫ হাজার টাকা জরিমানা করেন।

এছাড়া নিউ মার্কেট থেকে উপজেলা সদরে যাতায়াতের সড়কে নির্মাণসামগ্রী রেখে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে মেজবাহ উদ্দিন খোকনকে আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সব মিলিয়ে অভিযানে মোট ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন বলেন, “বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন, ফুটপাত দখলমুক্ত রাখা এবং জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হচ্ছে।”

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন