দেশের প্রাথমিক স্তরের ফুটবলের সবচেয়ে বড় আসর ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক) ২০২৬’-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বরিশাল বিভাগের প্রতিনিধি দাড়িয়াল মিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
শনিবার (২০ জুন) দুপুরে ঢাকার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত জমকালো ফাইনাল ম্যাচে তারা প্রতিপক্ষ দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে শিরোপা জয় করে।
খেলার শুরু থেকেই দুই দলের খুদে ফুটবলাররা আক্রমণ ও পাল্টা আক্রমণে দর্শকদের দারুণ এক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপহার দেয়। তবে ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করে বরিশালের দাড়িয়াল মিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। শেষ পর্যন্ত সেই গোলের ব্যবধানই ধরে রেখে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তারা।
ফাইনাল ম্যাচ শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের হাতে ট্রফি তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর আগে দুপুরে টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, বরিশালের জেলা প্রশাসক খায়রুল আলম সুমন এবং বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চন্দ্র পাল।
অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, তৃণমূল পর্যায় থেকে ফুটবল প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতে দেশের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।
দেশসেরা এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার খবরে বাকেরগঞ্জ উপজেলাসহ পুরো বরিশাল বিভাগে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। ঐতিহাসিক এ অর্জনের জন্য খুদে ফুটবলার, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন সংসদ সদস্য আবুল হোসেন খান, ইউএনও মিল্টন চন্দ্র পালসহ স্থানীয় সুধীসমাজ ও এলাকাবাসী।
জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের প্রাথমিক স্তরের ফুটবলের এই মেগা আসরের সফল সমাপ্তি ঘটে।
আজকালের কন্ঠ/আর বি