Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:১৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ২০, ২০২৬ , ১০:৪৯ পূর্বাহ্ণ

হিজাব নিয়ে কটূক্তির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিশাল মানববন্ধন

লেখকঃ মোঃ ইসমাইল, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

জাতীয় সংসদে হিজাব বিষয়ে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ জুন) জুমার নামাজের পর শহরের প্রেসক্লাব চত্বরে “সচেতন মুসলিম সমাজ, ব্রাহ্মণবাড়িয়া”র ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে আলেম-উলামা, মসজিদের মুসল্লি, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, হিজাব সম্পর্কে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর বক্তব্য দেশের ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে এবং ইসলামের গুরুত্বপূর্ণ বিধানকে অবমাননা করেছে।

বক্তারা বলেন, ধর্মীয় বিষয় নিয়ে কটাক্ষপূর্ণ বা বিদ্বেষমূলক মন্তব্য সমাজে বিভেদ সৃষ্টি করে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য ক্ষতিকর। একজন জনপ্রতিনিধির কাছ থেকে এ ধরনের বক্তব্য কোনোভাবেই প্রত্যাশিত নয়। তারা অবিলম্বে উক্ত বক্তব্য প্রত্যাহার এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে হাফেজ মুফতি দেলোয়ার হোসাইন মাহদী বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ব্যক্তি ধর্মীয় বিষয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়ে অনেকে নিজেদের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেও মনিরুল হক চৌধুরী এখনো ক্ষমা চাননি। তিনি বলেন, “ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কেউ দীর্ঘদিন জনসমর্থন ধরে রাখতে পারে না।”

তিনি আরও বলেন, দেশ ও ধর্মবিরোধী যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সচেতন মুসলিম সমাজ সজাগ রয়েছে এবং ভবিষ্যতেও শান্তিপূর্ণভাবে প্রতিবাদ অব্যাহত রাখবে।

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের নেতা আহমাদুল্লাহ খান জুবায়ের বলেন, “নারীদের পর্দা সম্পর্কে কটূক্তি করে ইসলামের মৌলিক বিধানকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। আমরা অবিলম্বে বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা প্রার্থনার দাবি জানাই। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।”

বক্তব্য রাখেন জামিল আহমাদ ইসহাক, শেখ আরিফ বিল্লাহ আজিজি, মুফতি রহমতুল্লাহ হানাফি, জাহিদুল হাসান ইসরাফিলসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য দেশের জনপ্রতিনিধি ও দায়িত্বশীল ব্যক্তিদের প্রতি আহ্বান জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্রতিবাদী স্লোগানের মাধ্যমে তাদের অবস্থান তুলে ধরেন। কর্মসূচিতে বক্তারা বলেন, ধর্মীয় মূল্যবোধ রক্ষার প্রশ্নে তারা সবসময় শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ অব্যাহত রাখবেন।

এসময় উপস্থিত ছিলেন সাধারণ আলেম সমাজের আরিফ বিল্লাহ মুজাহিদ, ঐক্যবদ্ধ সদর-এর শেখ আরিফ বিল্লাহ আজিজি, উলামা সোসাইটি ব্রাহ্মণবাড়িয়ার সেক্রেটারি মুফতি রহমতুল্লাহ হানাফি, ঐক্যবদ্ধ বিজয়নগরের জাহিদুল হাসান ইসরাফিল, জামিল আহমাদ ইসহাক, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের আহমাদুল্লাহ খান জুবায়ের, মাওলানা হুসাইন আহমাদসহ আরও অনেকে।

অনুষ্ঠানে যৌথ সঞ্চালনা করেন আবু বকর মুহাম্মাদ আইমান ও খালেদ জামান। মানববন্ধন শেষে হাফেজ মুফতি দেলোয়ার হোসাইন মাহদীর পরিচালনায় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন