Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:০৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুন ১৯, ২০২৬ , ১১:১৮ পূর্বাহ্ণ

নীলফামারীতে ভিসা ও থাই লটারি প্রতারণা চক্রের দুই সদস্য গ্রেপ্তার

লেখকঃ নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে ভিসা ও থাই লটারির নামে প্রতারণার অভিযোগে একটি চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি কম্পিউটারের হার্ডড্রাইভ জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৭ জুন) জেলা পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁনের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানার চিনির মসজিদ সংলগ্ন ইসলামবাগ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মো. হোসেন রকি (২৫) ও মো. সাহেব হোসেন (২৩) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়।

পরবর্তীতে তাদের ব্যবহৃত মোবাইল ফোন ও কম্পিউটার ডিভাইস পর্যালোচনা করে ভিসা ও থাই লটারির নামে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন এডিটকৃত কাগজপত্র, ভুয়া বিদেশি নম্বর দিয়ে নিবন্ধিত হোয়াটসঅ্যাপ, ইমো, ইমো বেটা ও ইমো এইচডি অ্যাকাউন্টের তথ্য পাওয়া যায়। এছাড়া অনলাইন ক্যাসিনো ও জুয়া সংশ্লিষ্ট বিভিন্ন অ্যাপসও শনাক্ত করা হয়েছে।

ডিবি পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা এসব অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে দেশ-বিদেশের বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে আসছিল।

এ ঘটনায় সৈয়দপুর থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা রুজুর পর গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, সাইবার অপরাধ ও অনলাইন প্রতারণা দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট করুন