লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় ভুয়া দলিল দাখিল করে নামজারি খতিয়ান সৃজনের চেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৭ জুন ২০২৬) উপজেলা ভূমি অফিসে পরিচালিত মিসকেস আদালতের কার্যক্রম চলাকালে এ জালিয়াতির ঘটনা ধরা পড়ে।
আদালত ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মিসকেস আদালতে উপস্থাপিত দলিল ও অন্যান্য কাগজপত্র যাচাই-বাছাইয়ের একপর্যায়ে নামজারি খতিয়ান সৃজনের উদ্দেশ্যে মিথ্যা তথ্য ও ভুয়া দলিল দাখিলের বিষয়টি প্রমাণিত হয়। পরে তাৎক্ষণিকভাবে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ ঘটনায় উপজেলার চর কাদিরা ইউনিয়নের চর ঠিকা এলাকার বাসিন্দা নয়ন বেগম ও ইকবাল হোসেনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তারা উভয়েই নূরনবীর সন্তান।
ভ্রাম্যমাণ আদালত দণ্ডবিধি, ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডাদেশ কার্যকরের জন্য পরে তাদের কারাগারে পাঠানো হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভূমি সংক্রান্ত জালিয়াতি, প্রতারণা এবং ভুয়া দলিলের মাধ্যমে অবৈধভাবে নামজারি বা সম্পত্তি আত্মসাতের অপচেষ্টা রোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ভবিষ্যতেও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রশাসনের এ পদক্ষেপে স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। তাদের মতে, ভূমি জালিয়াতির বিরুদ্ধে এ ধরনের কঠোর অবস্থান সাধারণ মানুষের অধিকার সুরক্ষার পাশাপাশি ভূমি ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও স্বচ্ছতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আজকালের কন্ঠ/আর বি