বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের অনলাইন অভিযোগ দায়েরসংক্রান্ত বিভিন্ন ফি ও চার্জ আদায়ের লক্ষ্যে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন ও সোনালী ব্যাংক পিএলসির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) প্রতিযোগিতা কমিশনের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর হয়।
চুক্তি অনুযায়ী, সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার ‘সোনালী পেমেন্ট গেটওয়ে’র মাধ্যমে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের অনলাইন অভিযোগ দায়েরসংক্রান্ত বিভিন্ন ফি ও চার্জ পরিশোধ করা যাবে।
অনুষ্ঠানে সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার আকলিমা ইসলাম এবং বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সচিব মাহবুবুর রহমান খান চুক্তিতে স্বাক্ষর করেন।
পরে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র বিনিময় করেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান এ এইচ এম আহসান এবং সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শওকত আলী খান।
অনুষ্ঠানে প্রতিযোগিতা কমিশনের সদস্য ড. মো. আখতারুজ্জামান তালুকদার, মো. আবু ইউসুফ মিয়া ও ড. আফরোজা বিলকিস এবং সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রফিকুল ইসলাম ও ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আসলাম হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আজকালের কন্ঠ/আর বি