আসন্ন দেবিদ্বার পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত সম্ভাব্য মেয়র প্রার্থী হাজী মোহাম্মদ মহসিন। তিনি বলেন, জনগণের ভালোবাসা, আস্থা ও সমর্থন নিয়ে দেবিদ্বার পৌরসভাকে একটি আধুনিক, মানববান্ধব, পরিচ্ছন্ন এবং দুর্নীতিমুক্ত পৌরসভা হিসেবে গড়ে তুলতে চান।
ইসলামী আন্দোলন বাংলাদেশ, দেবিদ্বার উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
হাজী মোহাম্মদ মহসিন বলেন, বর্তমান সময়ে একটি মানবিক, পরিকল্পিত ও সেবামুখী পৌরসভা গঠন অত্যন্ত জরুরি। পৌরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে শিক্ষা প্রতিষ্ঠান, মাদরাসা, স্কুল, হাসপাতাল, সড়ক যোগাযোগ, ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা এবং নাগরিক সেবার সার্বিক উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
তিনি বলেন, “আমার স্বপ্ন একটি সুন্দর, আধুনিক ও পরিকল্পিত দেবিদ্বার পৌরসভা, যেখানে প্রতিটি নাগরিক সমানভাবে সেবা ও সুযোগ-সুবিধা পাবে। পৌরসভার প্রতিটি ওয়ার্ডে সমান উন্নয়ন নিশ্চিত করা হবে এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করা হবে।”
তিনি আরও বলেন, “জনগণের ট্যাক্সের অর্থ জনগণের কল্যাণে ব্যয় করতে হবে। উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে একটি আধুনিক ও সেবামুখী পৌর প্রশাসন গড়ে তুলতে চাই। দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হবে।”
মেয়র পদপ্রার্থী হাজী মোহাম্মদ মহসিন বলেন, “আমি কোনো ক্ষমতা বা ব্যক্তিগত স্বার্থের জন্য রাজনীতি করি না। আমি আপনাদের সেবক ও খাদেম হিসেবে কাজ করতে চাই। পৌরবাসীর সুখ-দুঃখের অংশীদার হয়ে একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও আদর্শ পৌরসভা গঠনে নিজেকে নিয়োজিত রাখতে চাই।”
সভায় তিনি পৌরবাসীর কাছে আন্তরিকভাবে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করে বলেন, “মহান আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থতা, সততা, ন্যায়পরায়ণতা ও দায়িত্বশীলতার সঙ্গে জনগণের খেদমত করার তাওফিক দান করেন।”
মতবিনিময় সভায় উপস্থিত নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও দেবিদ্বার পৌরসভার সার্বিক উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভা শেষে হাজী মোহাম্মদ মহসিন সকল পৌরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আসুন, আমরা সবাই মিলে একটি উন্নত, পরিচ্ছন্ন, মানবিক ও দুর্নীতিমুক্ত দেবিদ্বার পৌরসভা গড়ে তুলি, যেখানে জনগণের অধিকার ও মর্যাদা সর্বোচ্চ গুরুত্ব পাবে।”
আজকালের কন্ঠ/আর বি