সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একাধিক মামলার আসামি গোলাপগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুছ ছামাদ জিলুকে (৫৪) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৪ জুন) সন্ধ্যা প্রায় সাড়ে সাতটার দিকে গোলাপগঞ্জ পৌরসভার এমসি একাডেমির সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আব্দুছ ছামাদ জিলু উপজেলার তহিপুর গ্রামের মৃত আব্দুল মালিকের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় দায়ের হওয়া একাধিক মামলায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এসব মামলায় তাকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তার অবস্থান শনাক্ত করে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
গোলাপগঞ্জ মডেল থানা সূত্র জানায়, মামলার তদন্তের স্বার্থে অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারেও অভিযান অব্যাহত রয়েছে। পলাতক আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের তৎপরতা চলমান রয়েছে।
এদিকে সিলেটের রাজনৈতিক অঙ্গন ও স্থানীয় মহলে এ গ্রেফতার নিয়ে আলোচনা শুরু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম স্বাভাবিক প্রক্রিয়ায় পরিচালিত হবে এবং তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজকালের কন্ঠ/আর বি